টাকা ও ঝরাপাতা
... মাহবুব মুসতফা
মানুষের মূল্য বেশি, নাকি টাকার ?
সকলেই সমস্বরে বলে থাকেঃ টাকার, টাকার ...
আর সব জেলার মূল্য বেশি, নাকি ঢাকার ?
যেমন সকলেই বলে থাকেঃ ঢাকার, ঢাকার
এভাবেই হারিয়ে যায় একটি অন্তর্ভেদী স্বদেশ
ম্লানমুখে হারিয়ে যায় দুয়ারে দাঁড়ানো মাতৃভূমি !
বৃক্ষের গোঁড়ায় হেঁটে আসে সংগ্রামী কুঠার ।
দূরাকাশে মিশে যায় গায়ক পাখি !
নিঃশব্দ উচ্চারণে টাকা মাঝে মাঝে আবেশে জড়িয়ে বলে -
আমার পূর্বপুরুষ কাগজ, নিছক কাগজ
পৃথিবীতে আমিও জ্ঞানপিপাসু কাগজ হয়ে জন্মেছিলাম !
আহ ! আগেকার কাগজসমাজ হতে
আমি আজ বাস্তবিক কতো দূরে !
একেবারেই বন্ধ হয়ে গেলো
সেই হৃদ্যতাময় সামাজিক মেলামেশা !
এমনকি নেই সামান্য জ্ঞানপিপাসাও !
বরং নিজেই হয়ে গেছি বুকে বুকে বিখ্যাত পিপাসা !
আমার পেছনে ধেয়ে চলা মানুষেরা যেন
পৃথিবীর সব ঝরা পাতা !
মানুষের হাতে অধিষ্ঠিত হয়ে মহামূল্য পদে ।
মানুষকেই বানিয়ে ফেলেছি আমার চিরচেনা কামলা
নিজস্ব ক্রীতদাস, ছোটলোক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন